ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে।
এদিকে র্যাব সূত্র থেকে জানা যায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিলে জামায়াতের কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে গত ২৭ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়। নিহত আবদুস সালামের শ্বশুর সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, তাহজীব ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হলেও ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে হেরে যান। মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগকে নেতৃত্ব দেয়া প্রয়াত নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব।



















