ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

মুনাফার তুলনায় অতিরিক্ত ডিভিডেন্ড দেবে বঙ্গজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড। খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির আয় বেড়েছে। ফলে লভ্যাংশও গত বছরের তুলনায় এক শতাংশ বেশি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানিটি সর্বশেষ হিসাব বছরে (৩০ জুন ২০২৪) বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডন্ডে ঘোষণা করেছে। এই সময়ে কোম্পানি মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারপ্রতি ০ দশমিক ৩১ টাকা আয় করায় কোম্পানির মোট মুনাফা হয়েছে ২৩ লাখ ৬৩ হাজার ৬৩৯ টাকা। ঘোষণা অনুযায়ী বিনিয়োগকারীদের ৩০ লাখ ৪৯ হাজার ৮৫৭ টাকা ক্যাশ ডিভিডেন্ড দেবে প্রতিষ্ঠানটি। ফলে রিজার্ভ অতিরিক্ত ৬ লাখ ৮৬ হাজার ২১৮ টাকা নিয়ে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করবে বঙ্গজ।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সর্বশেষ হিসাব বছরে বঙ্গজের শেয়ারপ্রতি আয় হয়েছে ০ দশমিক ৩১ টাকা। গত হিসাব বছরে (৩০ জুন ২০২৩) প্রতিষ্ঠানটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সে সময় কোম্পানির ইপিএস হয়েছিল ০ দশমিক ২৯ টাকা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ০১ পয়সা।

বঙ্গসের প্রধান অর্থ কর্মকর্তা মো. রুমন মিয়া বিজনেস আই বাংলাদেশকে বলেন, ডিভিডেন্ড ঘোষণার তুলনায় আমাদের মুনাফা কম হয়েছে। বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদানের সময় কোম্পানির রিজার্ভ থেকে কিছু টাকা নিতে হবে। তবেই আমরা ঘোষণাকৃত পুরো ডিভিডেন্ড প্রদান করতে পারবো।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতকি পরিস্থিতি ভালো না। তারপরেও বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে আমরা ডিভিডেন্ড ঘোষণা করেছি। আশা করি ঘোষণাকৃত ডিভিডেন্ড দিতে কোম্পানির কোনো অসুবিধা হবে না।

উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করা বঙ্গজের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩টি, যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩০ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫ দশমিক ৭১ শতাংশ, বিদেশি বিনিয়োগ ০ দশমিক ১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৬৩ দশমিক ২০ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ