প্রকৌশল খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা-পরিচালকদের জন্য ২০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদনসহ কোম্পানির পরিচালকদের পুনঃনিয়োগ এবং ব্যবস্থাপনা পরিচালককে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাশেম এন্ড কোং ও মেসার্স মোহাম্মদ সানাউল্লাহ এন্ড অ্যাসোসিয়েটসের নিয়োগ নিশ্চিত করা হয়।
ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম জানান, ২০২৩-২৪ অর্থবছরে ওয়ালটন প্রায় ১,৩৫৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের ৭৮৩ কোটি টাকা থেকে অনেক বেশি। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য উচ্চ লভ্যাংশ প্রদানের মাধ্যমে তাদের সাফল্যের অংশীদার করতে পেরে তিনি আনন্দিত।
সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমও ভবিষ্যতে মুনাফা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন এবং কোম্পানির আর্থিক সূচক, ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।



















