ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

শীঘ্রই আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫: ভক্তদের অপেক্ষার অবসান

২০১৭ সালে শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ চারটি সিজন ধরে দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। কাজল আরেফিন অমি নির্মিত এই সিরিজের গল্পে একদল ব্যাচেলর বন্ধুদের দৈনন্দিন জীবনের হাসি-কান্না আর খুনসুটি তুলে ধরা হয়। ২০২২ সালের ২৪ ডিসেম্বর চতুর্থ সিজনের ১১৬তম পর্বের মধ্য দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয়।

গত দুই বছর ধরে ভক্তরা অপেক্ষায় ছিলেন পাশা, হাবু, শুভ, কাবিলা ও অন্তরাদের আবার পর্দায় দেখার জন্য। অবশেষে তাদের সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে। সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নির্মাণের পরিকল্পনা চলছে। যদিও সবকিছু এখন পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং শুটিং এখনও শুরু হয়নি, তবে তিনি আশ্বাস দিয়েছেন যে ২০২৫ সালেই দর্শকরা নতুন সিজনে তাদের প্রিয় চরিত্রগুলোর গল্প উপভোগ করতে পারবেন।

কাজল আরেফিন অমি তার ফেসবুক স্ট্যাটাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এর ইঙ্গিত দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে। নির্মাতা বলেন, “দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে সবকিছু নিশ্চিত করে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবনসহ অনেকের অসাধারণ অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ