ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল মিডওয়ে সিকিউরিটিজ

মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড ডিএসই ফিক্স (ফিন্যানশিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ) সার্টিফিকেশন অর্জন করেছে। এতে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করে বিনিয়োগকারীদের জন্য আরো সহজে লেনদেন করার সুযোগ সৃষ্টি করতে পারবে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, সার্টিফিকেশন অর্জন করার আগে বিভিন্ন টেস্ট পরিচালনা করা হয়। মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডকে এই সার্টিফিকেশন প্রদানের আগে ইউজার একসেপটেন্স টেস্টিং ও আরো কিছু সামঞ্জস্যপূর্ণ যাচাই-বাছাই করা হয়। এসব টেস্টিং কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করেছে মিডওয়ে সিকিউরিটিজ। এই পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর ২০২৪ মিডওয়ে সিকিউরিটিজ ডিএসইর ফিক্স সার্টিফিকেট অর্জন করেছে।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্বিক আহমেদ শাহ, প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক এ ভারপ্রাপ্ত সিওও মোঃ ছামিউল ইসলাম, ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসার, ভারপ্রাপ্ত আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার ও সিটিও (ইনচার্জ) মোঃ তারিকুল ইসলাম৷

মিডওয়ে সিকিউরিটিজের এমডি মো: আশেকুর রহমান বিজনেস আই বাংলাদেশ কে বলেন, আমরা অনেক দিন ধরে ওএমএস সিস্টেম চালু করার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এখন থেকে মিডওয়ে সিকিউরিটজ ক্লায়েন্টদেরকে আধুনিক টেকনোলজির মাধ্যমে সেবা দিতে পারবে। খুব দ্রুত আমরা বিনিয়োগকারীদের জন্য ওএমএস সেবা চালু করব।

ফিক্স সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, প্রত্যেকটি খারাপ সময়ের পর একটি নতুন যাত্রার সূচনা হয়। আমার মনে হয় সেটি শুরু হয়েছে। বিগতদিনে পুঁজিবাজারকে উপক্ষো করা হয়েছে। পুঁজিবাজারের জন্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে ৬টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেট গ্রহণ করছে। এটি চালু করা হলে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে।

উল্লেখ্য যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিওিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করেন ২০২০ সাল থেকে৷ এরই প্রেক্ষিতে ৫৯টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেন৷ ইতোমধ্যে ১৬টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে৷ ১২টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে৷

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন