নতুন প্রধান নির্বাহী জর্জেস এলহেডরির নিয়োগের পর এইচএসবিসির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এল।
নতুন প্রধান নির্বাহী জর্জেস এলহেডরির নিয়োগের পর এইচএসবিসির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এল। এক ঘোষণায় বৈশ্বিক ব্যাংক খাতের এ জায়ান্ট জানিয়েছে, শিগগিরই পূর্ব ও পশ্চিম ভৌগোলিক অঞ্চলে বিভক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। মূলত বাজারে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও খরচ কমানোর তাগিদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসি।
এইচএসবিসি জানিয়েছে, কার্যক্রম সহজ করতে চারটি মূল ইউনিটে পরিচালিত হবে ব্যাংকটি, যা বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগগুলোকে একীভূত করবে। আগামী বছর থেকে এ পরিবর্তনগুলো কার্যকর হবে।
এ বিষয়ে প্রধান নির্বাহী জর্জেস এলহেডরি জানান, প্রতিষ্ঠানটির সব ধরনের সম্ভাবনার প্রকাশ ও ভবিষ্যৎ সাফল্যের জন্য এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন পরিকল্পনার অধীনে যুক্তরাজ্য ও হংকংয়ে পৃথক ব্যবসায়িক ইউনিট তৈরি করবে এইচএসবিসি। এছাড়া ‘করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং’ এবং ‘ইন্টারন্যাশনাল ওয়েলথ ও প্রিমিয়ার ব্যাংকিং’ নামে দুটি পরিচালন বিভাগ থাকছে।
নতুন পরিকল্পনা অনুসারে, এইচএসবিবির যেকোনো ব্যবসা দুটি বাজারের যেকোনো একটির অন্তর্ভুক্ত হবে। পূর্ব বাজারের মধ্যে রয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও মধ্যপ্রাচ্য। অন্যদিকে যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কার্যক্রম পড়বে পশ্চিম বাজারে।

এদিকে এইচএসবিসি ব্যাংকের ১৫৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে কোনো নারী নিয়োগ পেলেন। নবনিযুক্ত পাম কৌর এক দশকেরও বেশি সময় ধরে এইচএসবিসিতে কাজ করেছেন এবং বর্তমানে তিনি রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত আছেন। আগামী বছরের শুরুতে তিনি নতুন দায়িত্ব নেবেন।


















