ঘড়ি নির্মাতা সুইস কোম্পানি পাটেক ফিলিপের নামডাক ১৫০ বছরের। সম্প্রতি ‘কিউবিটাস লাইন’ নামের নতুন সংগ্রহের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
ঘড়ি নির্মাতা সুইস কোম্পানি পাটেক ফিলিপের নামডাক ১৫০ বছরের। সম্প্রতি ‘কিউবিটাস লাইন’ নামের নতুন সংগ্রহের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর মাধ্যমে সিকি শতাব্দী বা ২৫ বছর পর নতুন কোনো ডিজাইন নিয়ে আসছে পাটেক ফিলিপ।
নতুন সংগ্রহের ঘোষণা এমন এক সময় এল যখন কভিডজনিত ব্যবসায়িক পতন শেষে শৌখিন ও মূল্যবান ঘড়ি বাজার স্থিতিশীল হয়ে এসেছে। এ ধরনের ঘড়ির চাহিদায় সম্প্রতি চড়াভাব লক্ষ করা যাচ্ছে। পাটেক ফিলিপের নতুন লাইনআপে তিনটি মডেল রয়েছে, যা দুটি স্টিল ও একটি প্লাটিনাম কেসিংয়ে সজ্জিত।
এক বিবৃতিতে নামি কোম্পানিটি জানিয়েছে, নতুন ডিজাইনে কম বয়সী সংগ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দেয়া হয়েছে, এতে ‘পরিমার্জিত স্পোর্টি শৈলীর’ নতুন বিন্যাস ঘটেছে। স্টিল কেসিংয়ের একটি সংস্করণে রোজ গোল্ডের ব্যবহার ভিনটেজ অনুভূতি এনে দেবে। অন্যটি সম্পূর্ণরূপে স্পোর্টি মেজাজকে ধারণ করে। প্লাটিনাম কেসিংয়ে নকশা একদম আলাদা।
এতে বড় ফরম্যাটে তারিখ ও ডায়াল ট্র্যাকিং রয়েছে, যা চন্দ্র উদয়-অস্তের বিভিন্ন পর্যায় ও সাতদিন উপস্থাপন করে। পাটেক ফিলিপের দেয়া তথ্য অনুসারে, ঘড়িগুলোয় নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। যে কারণে ১৮ মিলিসেকেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের ডিসপ্লে নিশ্চিত করতে পারে। শুধু ঘড়ি নয়, আরো কিছু প্রাসঙ্গিক পণ্য এনেছে পাটেক ফিলিপ। নতুন সংগ্রহে কাফলিংকও রয়েছে, যা ঘড়ির হোয়াইট-গোল্ড ফ্রেমের সঙ্গে মিলিয়ে ডিজাইন করা হয়েছে।

১৮৩৮ সালে প্রতিষ্ঠিত পাটেক ফিলিপকে প্রায়ই সুইস ঘড়ির ‘হলি ট্রিনিটি’র একটি বলে উল্লেখ করা হয়। বাকি দুটি ব্র্যান্ড হলো অডেমারস পিগুয়েট ও ভ্যাচেরন কনস্টান্টিন। কিউবিটাস লাইনের আগে পাটেক ফিলিপের শেষ কালেকশন ছিল ১৯৯৯ সালের টোয়েন্টিফোর। ওই লাইনআপটি ‘তরুণ, সক্রিয় ও আধুনিক নারীদের’ উপলক্ষ করে বাজারে আনা হয়। খবর সিএনবিসি


















