ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২:১৮ পূর্বাহ্ন

পেট্রল-ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ পুনর্বিবেচনার আহ্বান বিএমডব্লিউর

ইউরোপীয় নীতিনির্ধারকদের ২০৩৫ সালের মধ্যে পেট্রল ও ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করার পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএমডব্লিউ চেয়ারম্যান অলিভার জিপসে।

ইউরোপীয় নীতিনির্ধারকদের ২০৩৫ সালের মধ্যে পেট্রল ও ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করার পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএমডব্লিউ চেয়ারম্যান অলিভার জিপসে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘‌অন্যথায় বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারির জন্য চীনা কোম্পানিগুলোর ওপর নির্ভরশীলতা বাড়বে।’ সম্প্রতি প্যারিস মোটর শোয় তিনি এসব কথা বলেন। খবর ইউরোনিউজ।

এ সময় ইউরোপীয় গাড়ি নির্মাতাদের প্রযুক্তিগত সক্ষমতার ওপর ভিত্তি করে কাজ করার সুযোগ দেয়ার কথাও বলেন বিএমডব্লিউ প্রধান। এজন্য ইভির পাশাপাশি পরবর্তী প্রজন্মের কম দূষণকারী যানবাহন চলাচলের অনুমতি দেয়ার জন্য নীতিনির্ধারকদের আহ্বান জানান তিনি।

বিশ্লেষকরা বলছেন, সাশ্রয় মূল্যে ইভি ও এর ব্যাটারি তৈরিতে ইউরোপ চীনের তুলনায় পিছিয়ে। তবে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ই-ফুয়েল, বায়োফুয়েল ও হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি উন্নয়নে এগিয়ে যাচ্ছে ইউরোপ।

অলিভার জিপসে ২০৩৫ সালের সময়সীমা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউরোপের পরিস্থিতি হতাশাজনক দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘‌প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপে নতুন নীতি কাঠামো প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘‌কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ কমানোর অংশ হিসেবে ২০৩৫ সালের জন্য শতভাগ ইভি ব্যবহারের লক্ষ্যমাত্রা সংশোধন করা দরকার। এতে চীনা ব্যাটারির ওপর ইউরোপীয় উৎপাদকদের নির্ভরশীলতা কম থাকবে।’ লক্ষ্যমাত্রা পূরণে শুধু ইভির ওপর নির্ভর না করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘‌নীতিমালার মধ্যে প্রযুক্তি বিকাশের পথ রুদ্ধ করে, এমন কিছু থাকা উচিত হবে না।’

ইউরোপীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর জন্য ইভি বিক্রি স্থবির হয়ে যাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ পরিপ্রেক্ষিতে ইউরোপজুড়ে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা শিথিল বা বিলম্বিত করার আহ্বান জানিয়েছে বিএমডব্লিউ, ভক্সওয়াগন, রেনহোসহ গাড়ি নির্মাতারা ও ইতালির সরকার। প্রত্যাশার চেয়ে কম ইভি বিক্রির কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন তারা।

ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন (এসিইএ) বলেছে, ইভি ব্যবহারের লক্ষ্যমাত্রা দ্রুত পূরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে তাদের সদস্য কোম্পানিগুলো কয়েক বিলিয়ন ইউরোর ক্ষতির সম্মুখীন হতে পারে। এসিইএ ইউরোপভিত্তিক ১৫টি শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানির প্রতিনিধিত্ব করে।

অলিভার জিপসে প্যারিস শোতে বলেন, ‘‌কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণকারী গাড়ি ব্যবহার কমিয়ে আনার জন্য ২০৩৫ সালের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবসম্মত নয়।’ তিনি দাবি করেন, এ নিষেধাজ্ঞা ইউরোপীয় গাড়ি শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। যদি বর্তমান প্রবণতাগুলো অব্যাহত থাকে, তবে এটি শিল্পের আকার ও সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমিয়ে দিতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ