সার্চ জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নোটবুক অ্যাপ নোটবুকএলএমে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। অডিও ওভারভিউ নামের ফিচারটি ডকুমেন্টসকে এআইয়ের সহায়তায় পডকাস্টের মতো অডিওতে রূপান্তর করতে সক্ষম। খবর এনগ্যাজেট।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারী তার ডকুমেন্টস নোটবুকএলএমে আপলোড করলে এআই সে কনটেন্ট পড়ে ও প্রক্রিয়া করে একটি মৌখিক সারাংশ তৈরি করে দেবে। পডকাস্টটি দুটি এআইনির্ভর হোস্টের মধ্যে একটি আলোচনার আকারে উপস্থাপন করা হবে। এছাড়া এআই হোস্টরা শুধু সারাংশ দেবে না, বরং বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ খুঁজে বের করে আলোচনা করতে পারবে। তারা মাঝে মাঝে সামান্য কথাবার্তাও বলবে যেন অডিওটি আরো সাবলীল ও আকর্ষণীয় হয়।
গুগল জানিয়েছে, এআই হোস্টের কথাবার্তা যথেষ্ট স্বাভাবিক শোনাতে সক্ষম, তবে স্বরের পরিবর্তন ও কিছু শব্দের অদ্ভুত উচ্চারণের কারণে অনেকেই বুঝতে পারবেন পডকাস্টটি এআই দ্বারা তৈরি। নতুন অডিও ওভারভিউ ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এতে কিছু সীমাবদ্ধতাও আছে। বর্তমানে এআই হোস্টরা শুধু ইংরেজিতে কথা বলতে পারে এবং মাঝে মাঝে তারা ভুল তথ্যও প্রদান করতে পারে। তাই ব্যবহারকারীকে নিজের তথ্যের সঠিকতা যাচাই করতে অনুরোধ করেছে কোম্পানিটি। এছাড়া বড় আকারের ফাইলের জন্য অডিও ওভারভিউ তৈরি করতে বেশ সময় লাগতে পারে। গুগল ল্যাবসের প্রডাক্ট ম্যানেজার বিয়াও ওয়াং বলছেন, ‘কিছু মানুষ কথোপকথন দ্বারা শোনার মাধ্যমে ভালোভাবে শেখে ও মনে রাখতে পারে।’ তাই কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা নোটবুকএলএমের অডিও ফিচার নিয়ে আশাবাদী।
গুগল ২০২৩ সালে নোটবুকএলএম চালু করে, যা একটি ডিজিটাল সহায়ক হিসেবে কাজ করে। এ টুল ব্যবহারকারীদের আপলোড করা ডকুমেন্টের ভিত্তিতে প্রশ্ন করতে ও তথ্য পাওয়ার সুবিধা দেয়। চলতি বছরের জুনে গুগল ঘোষণা করে, এখন থেকে নোটবুকএলএম জেমিনি ১.৫ প্রো প্লাটফর্মে চলবে। এই আপডেট পরিষেবা নতুন ফিচার ও টুল নিয়ে এসেছে। এছাড়া নোটবুকএলএম ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ব্যবহার করা যাচ্ছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের কাছে এটি আরো সহজলভ্য করে তুলেছে।



















