ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

আরজি কর কান্ড: গ্রেফতার হলেন অভিনেতা রুদ্রনীল

তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল ভারতে পশ্চিমবঙ্গ। শুক্রবার (১৬ আগস্ট) কলকাতার শ্যামবাজার মোড়ে প্রতিবাদে বসার কথা ছিল ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। এদিন ঘটনাস্থল থেকেই আটক হন তিনি। পুলিশের গাড়িতে উঠেই একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেতা।

ভিডিওর ক্যাপশনেও রুদ্রনীল লিখেছেন, অন্যায়ের প্রতিবাদ করায় শ্যামবাজার থেকে গ্রেপ্তার করল মমতা-পুলিশ। নিয়ে যাচ্ছে লালবাজারে। আপনার কত জেল আছে মুখ্যমন্ত্রী? বাংলার রাতজাগা সব মা বোনেদের বাবা ভাইয়ের গ্রপ্তার করার মতো জেল আছে? “রাত জেগেছে জনতা, ভয় পেয়েছে মমতা!”

রুদ্রনীল বলেন, ‘আজ ভারতীয় জনতা পার্টির তরফে প্রতিবাদ করা হয়। আর আমরা কালচারাল সেলের তরফে প্রতিবাদে নেমেছিলাম। রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেফতার করা হল।’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২ ঘণ্টার প্রতীকী অবস্থানে বসার আগেই রুদ্রনীলের দলকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এরপর আটক করা হয় রুদ্রনীল ঘোষকে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এরপরই আন্দোলনে কেঁপে ওঠে কলকাতা। যেই কম্পন এখন ভারত পেরিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ