ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

বাল্টিমোরে সেতু ধস: নিখোঁজ ছয়জনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় ডুবে যাওয়া একটি লাল রঙের পিকআপ ট্রাক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেতু ধসের সময় গত সোমবার আট নির্মাণকর্মী কাজ করছিলেন সেতুর ওপর। পরে সেতুটি ভেঙে পড়ার পর তারা নিচে নদীতে পড়ে যান।

পরে দুর্ঘটনার দিনই দুই কর্মীকে উদ্ধার করা হয়। এ সময় নিখোঁজ ছিলেন আরও ছয়জন। আর এবারে দুজনের মরদেহ পাওয়া গেল। এদিকে নিখোঁজ অপর চারজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

বাল্টিমোরে সেতু ভেঙে ফেলা জাহাজটির সকল ক্রু ভারতীয়
দুর্ঘটনায় নিখোঁজ চারজন ও মৃত দুজনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম–পরিচয় পাওয়া গেছে।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া ট্রাকটির ভেতর থেকে উদ্ধার করা দুজন মৃতের মধ্যে একজন হলেন, আলোজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্টেস (৩৫) ও অপরজন ডরলিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাবরেরা (২৬)। ফুয়েন্টেস মেক্সিকো ও ক্যাবরেরা গুয়াতেমালার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে সেতুর ধসে পড়া কনক্রিটের কাঠামো ও অন্যান্য ধ্বংসাবশেষ থাকায় ডুবুরিরা নিরাপদে তাদের কাজ করতে পারছেন না। ধারণা করা হচ্ছে, নদীতে ডুবে থাকা গাড়িতে নিখোঁজ অন্যদের মরদেহ থাকতে পারে। গাড়িগুলো কনক্রিটের কাঠামোতে আটকে রয়েছে।

অন্যদিকে নিখোঁজ চারজনের মধ্যে যে দুজনের নাম জানা গেছে, তারা হলেন এল সালভেদরের মিগুয়েল লুনা ও হন্ডুরাসের মেনর সুয়েজো স্যানডোভাল।

এর আগে মেক্সিকো পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দুর্ঘটনায় তাদের দুই নাগরিকের নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে অবশ্য তাদের একজনকে জীবিত উদ্ধার করা হয়। আর অপরজন আলোজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্টেস। এ সময় কর্মকর্তারা গতকাল দিনের শেষে জানান, দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা দুজনের একজনকে হাসপাতালে নেয়া হলেও পরে ছেড়ে দেয়া হয় তাকে।

এদিকে দুর্ঘটনার পর পণ্যবাহী জাহাজটি এখন পর্যন্ত নিরাপদ অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এটিতে ১৫ লাখ গ্যালনের বেশি জ্বালানি তেল ও লুব অয়েল রয়েছে। এ ছাড়া পণ্যবোঝাই প্রায় ৪ হাজার ৭০০ কনটেইনার রয়েছে জাহাজটিতে। আর এসব কনটেইনারের ৫৬টিতে রয়েছে বিপজ্জনক সব উপকরণ।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পাতাপসকো নদীর মুখে ফ্রান্সিস স্কট কি সেতুর একটি ভিত্তিস্তম্ভের সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির নাম দালি। এটি বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে যাচ্ছিল। জানা যায়, দুর্ঘটনার আগ মুহুর্তে জাহাজটির ‘বিদ্যুৎ সংযোগ’ অকার্যকর হয়ে পড়েছিল।

সূত্র:বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ