টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শেষ ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আর তাই ওয়ানডে সিরিজে দর্শকদের উপর প্রভাব পড়েছে। ওয়ানডে ম্যাচ দেখতে দর্শকদের সমাগম খুব একটা হবে না চট্টগ্রামে। তবে এই সব নিয়ে চিন্তা করতে চান না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
প্রথম ওয়ানডের আগের দিন মঙ্গলবার (১২ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। এ সময় তিনি বলেন, ‘এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।’
শান্ত আরও বলেন, ‘আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।’


















