ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে মিছিল

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মধ্য লন্ডনে মিছিল করেছে হাজার হাজার মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার (৯মার্চ) বিক্ষোভ মিছিলটি লন্ডনের হাইড পার্ক কর্নার থেকে নাইন এলমসের মার্কিন দূতাবাস পর্যন্ত চলে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি জানায়, মিছিলের সামনে গায়িকা শার্লট চার্চকে দেখা গেছে। নিরীহ ফিলিস্তিনিদের সংহতি জানাতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মিছিলে ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন।

এদিকে, মিছিলে আপত্তিকর স্লোগান ও আক্রমণাত্বক প্ল্যাকার্ড বহন করায়, চারজনকে আটক করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে পুলিশের ওপর হামলা চালানোর জন্য। এছাড়া শনিবারের বিক্ষোভে তেমন কোন বিশৃঙ্খলা ঘটেনি।

এদিকে, চলতি সপ্তাহে সরকারের উগ্রপন্থাবিরোধী কমিশনার মন্তব্য করেন, লন্ডন শহরটি ছুটির দিনেও ইহুদিদের জন্য বিপদজনক জায়গা হয়ে উঠেছে। ইহুদিরা বাইরে বের হতে ভয় পাচ্ছে। তার এই মন্তব্যকে অসম্মানজনক উল্লেখ করে শনিবারের বিক্ষোভটি ডাকা হয়।

গাজা আক্রমণের পর, লন্ডনে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) আয়োজিত দশম বিক্ষোভ-মিছিল ছিল এটি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েলে নিহত হয়েছে কমপক্ষে এক হাজার ১৩৯ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ