আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘দেয়ালের দেশ’ সিনেমা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমা মুক্তির তারিখ জানানো হয়। নতুন এই পোস্টারেও খানিকটা রহস্য রেখেছেন নির্মাতা। পোস্টারে দেখা গেছে, ঠিক সন্ধ্যা নামার মুখে শবনম বুবলী ও শরীফুল রাজ বসে আছেন। পরনে লাল শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলী ফুলের মালা, হুইলচেয়ারে বসে আছেন বুবলী। অপর প্রান্তে রাজ, উদাস চাহনি। চোখেমুখে হাহাকার স্পষ্ট!
হিমাগারে পাটাতনে বেরিয়ে আছে শবনম বুবলীর লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ। এমন করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছিল ‘দেয়ালের দেশ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টারে। গত বছরের শেষাংশে প্রকাশ করা সেই পোস্টার দারুণ দাগ কাটে সিনেমাপ্রেমিদের হৃদয়ে। কবে মুক্তি পাবে সিনেমাটি এমন প্রশ্ন আসতে থাকে; কিন্তু সিনেমার নির্মাতা নীরব থেকেছেন। দর্শক জানতে পারেনি মুক্তির তারিখ। এবার দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির বার্তা দিলেন নির্মাতা।
এরই মধ্যে ‘দেয়ালের দেশ’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রদর্শক সমিতিতে সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির জন্য নিবন্ধিতও হয়েছে। নির্মাতা জানান, অনুদানের সিনেমা নিয়ে একধরনের গৎবাঁধা চিন্তা আছে, সেসবের বাইরে দুর্দান্ত একটা গল্প বলার চেষ্টা আমরা করেছি ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে। আশা করি একটি ভালো টিমওয়ার্কের ছাপ ছবিজুড়ে দেখতে পাবেন দর্শকেরা।
‘দেয়ালের দেশ’র মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ ও বুবলী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির সহপ্রযোজকও তিনি। সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ সিনেমাটিতে শরীফুল রাজ ও শবনম বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।



















