চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ পাকিস্তানের। যে সম্ভাবনাটুকু টিকে আছে তা কেবল খাতা-কলমেই সম্ভব।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১০। নেট রানরেট বেড়ে হয়েছে ০.৭৪৩। সমান ৮ পয়েন্ট পাকিস্তান (০.০৩৬) ও আফগানিস্তানেরও (-০.৩৩৮), কিন্তু নেট রানরেটে বেশ পিছিয়ে তারা। ফলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। এখন তাদের টপকে সেমিফাইনালে জায়গা করে নিতে ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় আগামী শনিবার অসম্ভব কাজই করতে হবে পাকিস্তানকে।
প্রথমে ব্যাট করে ৩০০ রান করলেও বাবর আজমদের জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। আবার, আগে বোলিং করলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ৫০ রানের মধ্যে। সেক্ষেত্রে ম্যাচটি জিততে হবে ২ ওভারের মধ্যে। আর স্কোর সমান হলে ছক্কা মেরে জয় নিশ্চিত করতে পারলে পাকিস্তানের হাতে থাকবে ১৭ বলের মতো।
এমন সমীকরণ যে কেবল খাতা-কলমে সম্ভব, সেটা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
আফগানিস্তানের জন্য কাজটা আরও কঠিন। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের জিততে হবে ৪৩৮ রানের মতো ব্যবধানে! দক্ষিণ আফ্রিকা-আফগানদের ম্যাচটি তাই হয়ে পড়ছে আনুষ্ঠানিকতাই।



















