পাসওয়ার্ড ভুলে যাওয়ার দুশ্চিন্তা থেকে রেহাই পেতে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা নিরাপদ। এর অটোফিল ফিচার বর্তমানে বেশ জনপ্রিয়। আগামী বছরের শুরুতে পাসওয়ার্ড ম্যানেজারের ম্যাটারিয়াল ইউআইয়ে নতুন ডিজাইন যুক্ত হতে যাচ্ছে। খবর অ্যান্ড্রয়েড সেন্ট্রাল।
মূলত পাসওয়ার্ড ম্যানেজারে পরিবর্তন আনছে গুগল। আপডেটটি অন্যান্য গুগল অ্যাপের মতো একটি নেভিগেশন বার যুক্ত করবে। এতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড ম্যানেজারটি ব্যবহার আরো সহজ হবে।
নির্ভরযোগ্য সূত্র নেইল সাদিকভ টেলিগ্রামে আপডেটের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, পাসওয়ার্ড ম্যানেজার গুগলের ম্যাটারিয়াল ইউআইয়ের ডিজাইনের আদলে করা হবে। গুগলের অন্যান্য অ্যাপের সঙ্গে এর মিল থাকবে। এছাড়া নতুন নেভিগেশন বারে তিনটি ট্যাব থাকবে। প্রথমটি সংরক্ষিত পাসওয়ার্ডের জন্য, দ্বিতীয়টি নতুন পাসওয়ার্ড যোগ করার জন্য এবং তৃতীয় ট্যাবটি পাসওয়ার্ডের নিরাপত্তা পরীক্ষার জন্য। এটি অন্যান্য গুগল অ্যাপ যেভাবে কাজ করে তার সঙ্গে মিল রেখে ডিজাইন করা হবে।
বর্তমানে পাসওয়ার্ড ম্যানেজার ফিচারগুলো হোম পেজে অগোছালো অবস্থায় রয়েছে। ট্যাবগুলো যুক্ত করা হলে তা অ্যাপটিকে আরো সুসংগঠিত করবে বলে দাবি কোম্পানির। গুগল সার্চ বার এবং পাসওয়ার্ড যুক্ত করার”বাটনেও পরিবর্তন আনছে। এ আপডেটগুলো পাসওয়ার্ড ম্যানেজারকে আরো ব্যবহারকারীবান্ধব করে তুলবে। এতে কোনো পাসওয়ার্ড খুঁজে বের করা এবং ইউজার ইন্টারফেস বোঝা সহজ হবে।



















