ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

কাকরাইলে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বেলা একটার কিছু আগে এ ঘটনা শুরু হয়। এরপর পুলিশ বিএনপি নেতা-কর্মীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারতে শুরু করে।

কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেওয়া হয়েছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। বিএনপি নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ।

হামলাকারীরা বাসটি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা শুরু হলে বাস ও পিকআপ থেকে নেমে দৌড়ে স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের লাঠি হাতে ধাওয়া দেন বিএনপির কর্মীরা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপির কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

বাস ভাঙচুরের পর বেলা পৌনে একটার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন।

এরপরই পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষ কীভাবে শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ