ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

গুগলে ডিফল্ট লগইনে পাসওয়ার্ডের বদলে পাসকি

প্রযুক্তির স্মার্ট দুনিয়ায় পাসওয়ার্ডের ব্যবহার একটি অতিপ্রয়োজনীয় সুরক্ষা দেয়াল হিসেবে পরিচিত। অনলাইন কিংবা অফলাইন সর্বত্রই নিরাপত্তা প্রশ্নে পাসওয়ার্ডকে দারুণ এক সমাধান মনে করা হয়। তবে পাসকি পাসওয়ার্ডবিহীন লগইনের নতুন বিকল্প ব্যবস্থা। এখন থেকে পাসওয়ার্ডের বদলে ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টে ডিফল্ট সাইন-ইন প্রক্রিয়ার জন্য পাসকি ব্যবহার করা যাবে। পাসকি ফিচারটি ডিফল্টভাবে প্রত্যেক ব্যবহারকারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গুগল, মাইক্রোসফট এবং অ্যাপল—এ তিন টেক জায়ান্ট মিলে ফিডো বা ফাস্ট আইডেন্টিটি অনলাইন নামক একটি অ্যালায়েন্সে যুক্ত হয়েছে। ফিডো প্রযুক্তির মাধ্যমে ডিভাইস বায়োমেট্রিক ডাটা বিশেষ টোকেনের মাধ্যমে সব অনলাইন অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে। ফলে ফোন ব্যবহার করেই সহজে যেকোনো অনলাইন অ্যাকাউন্টে লগইন করে ফেলা যাবে। এভাবে লগইনের জন্য ব্যবহারকারীর ফোনের যেকোনো ধরনের অথেনটিকেশন মেথড ব্যবহার করতে পারবেন। যেমন পিন, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক। এ ব্যবস্থার নাম দেয়া হয়েছে ‘পাসকি’।

এর অর্থ হলো একবার কোনো ডিভাইসের সঙ্গে লিঙ্কযুক্ত একটি পাসকি সেট আপ করার পরে, ব্যবহারকারীরা লগইন করার সময় পাসওয়ার্ড প্রবেশ না করে বা টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার না করে গুগল অ্যাকাউন্টে লগইন করতে পারবে। তবে যদি ব্যবহারকারী এখনই পাসকি ব্যবহার করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই। আগের মতোই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। একেবারেই পাসওয়ার্ড বাদ হচ্ছে না। চাইলে আগের মতোই প্রথাগত পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। অর্থাৎ পাসওয়ার্ড নাকি পাসকি ব্যবহার করবেন, তা বেছে নেয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীর কাছে।

গুগল অ্যাকাউন্ট থেকে পাসকি চালু করতে যেকেনো বিশ্বস্ত ফোন বা কম্পিউটারের ব্রাউজারে থেকে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তারপর g.co/passkeys ওয়েবসাইটে গিয়ে ‘গেট পাসকিস’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে। এবার ব্যবহারকারীর শনাক্তকরণে ফিঙ্গার প্রিন্ট, স্ক্রিন লক বা চেহারার ছবি তুললেই স্বয়ংক্রিয়ভাবে পাসকি পদ্ধতি চালু হয়ে যাবে। এবার ‘ইউজ পাসকিস’ অপশনটিতে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলেই পাসকি পদ্ধতি চালুর পপআপ দেখা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ