ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

বাড়ছে র‍্যানসমওয়্যার হামলা তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র

বৈশ্বিকভাবে র‍্যানসমওয়্যার হামলা দ্রুত বাড়ছে। সম্প্রতি ম্যালওয়্যারবাইটস প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত এ হামলার পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছে। খবর এনগ্যাজেট।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটছে। সংস্থাটি জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে ১ হাজার ৯০০ র‍্যানসমওয়্যার হামলার অভিযোগ পাওয়া গেছে। যার মধ্যে ৪৩ শতাংশই যুক্তরাষ্ট্রে হয়েছে, যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেশি। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যেও র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের তুলনায় এসব দেশে হামলার হার কম।

প্রতিবেদনে ৪৮টি স্বতন্ত্র র‍্যানসমওয়্যার গ্রুপের সন্ধান পাওয়া গেছে বলে জানানো হয়। যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের ওপর হামলা পরিচালনা করেছে। সবচেয়ে ভয়ানক তথ্য হচ্ছে দেশটির স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ ডেন্টাল ইনস্যুরার ম্যানেজড কেয়ার অব নর্থ আমেরিকা (এমসিএনএ) মার্চে ও নিউইয়র্কের শিক্ষা বিভাগ জুনে র‍্যানসমওয়্যার হামলার শিকার হয়।

যেসব হামলার বিষয়ে তথ্য প্রকাশ্যে এসেছে সেগুলোর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ম্যালওয়্যারবাইটস। বিশ্লেষকদের মতে, প্রকৃত হামলার সংখ্যা ১ হাজার ৯০০ ঘটনার চেয়েও বেশি হতে পারে। এ ধরনের হামলার প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থ হাতিয়ে নেয়া। যে কারণে অনেক প্রতিষ্ঠান অর্থ দিয়ে ঘটনার বিষয় আড়াল করেছে।

র‍্যানসমওয়্যার আক্রমণের মাধ্যমে মূলত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কম্পিউটারের ফাইলে প্রবেশ করতে বাধা দেয়া হয় এবং ফাইলগুলো এনক্রিপ্ট করে দেয়া হয়। নির্দিষ্ট অর্থ দেয়া সাপেক্ষে আক্রমণকারীরা ফাইল ডিক্রিপ্ট করার কোড দিয়ে থাকে। যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ফাইল ফিরে পাওয়া যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ