ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

বিজ্ঞাপন থেকে আয় কমায় অর্থ হারাচ্ছে টুইটার

২০২২ সালে ইলোন মাস্কের মালিকানায় যাওয়ার পর অনেক প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দিয়েছিল। এরপর আবার পরিস্থিতি স্বাভাবিকও হয়েছে। কিন্তু দুঃসময় যেন পিছু ছাড়ছে না। বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। এমনই দাবি মাস্কের। খবর টেকটাইমস।

এক ব্যবহারকারীর টুইটের জবাবে মাস্ক বলেন, ‘‌আয়ের চেয়ে এখনো ব্যয় বেশি। কারণ, কোম্পানির বিজ্ঞাপনী আয় হয়ে গেছে প্রায় অর্ধেক, এর পাশাপাশি আছে বিশাল ঋণের বোঝা। আমাদের অন্য কোনো রকম বিলাসিতা দেখানোর আগে অর্থ প্রবাহের দিক ঘুরানো দরকার।’

গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই মাস্ক সেইসব বিজ্ঞাপনদাতাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তাদের অধিকাংশই কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং কনটেন্ট মডারেশনে ভিন্ন পদ্ধতি অবলম্বনের মতো বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এছাড়া সাইটে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি হাই প্রোফাইল অ্যাকাউন্টকেও প্লাটফর্মে ফেরার সুযোগ দেন তিনি।

এপ্রিলে মাস্ক বলেন, ‘প্লাটফর্মটি ছেড়ে চলে যাওয়া বেশির ভাগ বিজ্ঞাপনদাতাই ফিরে এসেছেন। ফলে বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি লাভের মুখ দেখতে পারে, এমন সম্ভাবনার কথাও তখন বলেন তিনি।’

মে মাসে বিজ্ঞাপন খাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকা মিডিয়া কোম্পানি ‘এনবিসিইউনিভার্সাল’-এর সাবেক নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে টুইটারের নতুন সিইও হিসেবে নিয়োগ দেন মাস্ক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ