দেশের এক কোটি পরিবারকে রেশন কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে প্রতিটি পরিবার ৩০ টাকা কেজি দরে চাল, ডাল, তেল ও চিনি পাবে।
আজ রবিবার (২১ আগস্ট) একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা মাত্র ১৫ টাকা কেজি দরে ৩৫ লাখ মানুষকে চাল দেবো। আর একটা রেশন কার্ডের ব্যবস্থা করে দিবো। যার মাধ্যমে চাল, ডাল, তেল ও চিনি আমরা দেবো ৩০ টাকা কেজিতে। ১ কোটি পরিবার এই রেশন কার্ড পাবে। যার মাধ্যমে ন্যয্যমূল্যে তারা পণ্য কিনতে পারবে। সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং অচিরেই সেটা আমরা ঘোষণা দিতে পারবো।
তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার যে ধাক্কা আমাদের ওপর এসেছে, তা থেকে দেশের মানুষকে কীভাবে রক্ষা করবো, সেটাই আমাদের চিন্তা। এজন্য সকলের সহযোগিতাও দরকার। শুধু সমালোচনা আর কথা বললেই তো হবে না। সবাইকে কাজও করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা (অর্থনৈতিক ধাক্কা সামলাতে) ব্যবস্থা নিচ্ছি। কারণ আমি চাই না, আমার দেশের মানুষ কোনো রকম কষ্ট পাক। সেই ব্যাপারে যথেষ্ঠ (ব্যবস্থা নেওয়া হচ্ছে)…। কারণ রাজনীতি করিইতো তাদের জন্য। জানি না, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বারবার, হয়তো এদেশের কল্যাণের জন্য, এদেশের মানুষের জন্যই।

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে সামনাসামনি হয় গুলি, না হয় বোমা, আর না হলে গাড়ি হামলার শিকার হয়েছি। তারপরও বেচে এসেছি, দেশের কাজ করার চেষ্টা করছি।
প্রধানমন্ত্রী বলেন, আজকে একুশে আগস্ট। হ্যাঁ, সেদিন আমাদের নতুন জন্ম হয়েছে; যারা সেদিন র্যালিতে ছিলাম। কিন্তু আমাদের দায়িত্ব জনগণের প্রতি। আর সেই দায়িত্ব যতক্ষণ পর্যন্ত নিশ্বাস আছে, পালন করে যাবো; সেটাই হচ্ছে আজকের প্রতিজ্ঞা।


















