কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা আরও বাড়াতে চায় গুগল। এজন্য প্রতিষ্ঠানটি স্পেসএক্সের কাছ থেকে আরও কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।
শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, গুগল আরও কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিতে আগ্রহ দেখিয়েছে। তবে কতটা ক্ষমতা, কী দামে বা কবে নাগাদ—এসব বিষয়ে তিনি কিছু বলেননি। নতুন কোনো চুক্তি ঘোষণাও হয়নি, আর গুগলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে গত জুনে প্রকাশিত নথি অনুযায়ী, গুগল ও অ্যানথ্রপিকের সঙ্গে স্পেসএক্সের কম্পিউটিং চুক্তির মোট মূল্য সাত হাজার কোটি ডলারের বেশি। গুগলের বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি মাসে ৯২ কোটি ডলার দিয়ে প্রায় এক লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউসহ কম্পিউটিং সরঞ্জাম ব্যবহার করছে।
অ্যানথ্রপিকের সঙ্গে স্পেসএক্সের চুক্তি আরও বড়—মে মাসে স্বাক্ষরিত চুক্তির মূল্য প্রায় চার হাজার ৫০০ কোটি ডলার। মেমফিসের কোলোসাস-১ ডেটা সেন্টারে দুই লাখ ২০ হাজারের বেশি জিপিইউয়ের ক্ষমতা ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
মাস্ক আরও জানান, বড় আকারের জিপিইউ ক্লাস্টারের ভাড়া উল্লেখযোগ্যভাবে বাড়ছে, তবে ছোট ক্লাস্টারের ভাড়া কমছে। সামগ্রিকভাবে জিপিইউ ভাড়ার গড় মূল্য ঊর্ধ্বমুখী।

কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার চাহিদা বাড়ায় কম্পিউটিং অবকাঠামোর জন্য বিনিয়োগও বাড়ছে। স্পেসএক্স টেক্সাসের স্টারবেসে নতুন সুপারকম্পিউটার কেন্দ্রে সাত হাজার ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে; অ্যারিজোনাতেও আরেকটি ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে।


















