বোমা হুমকির মধ্যেও আজ রোববার বেঙ্গালুরুতে মঞ্চে উঠছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে বেঙ্গালুরু আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের কাছে নাইস গ্রাউন্ডস, মাদাভারায় অনুষ্ঠিত হবে কনসার্টটি।
গত ৯ নভেম্বর হুবলি-ধারওয়ার্ড পৌর করপোরেশনের কমিশনারের দপ্তরের ইমেইলে পাঠানো এক চিঠিতে কনসার্টের ভেন্যু ও পাশের মাদাভারা মেট্রো স্টেশনে বিস্ফোরক রাখার হুমকি দেওয়া হয়। চিঠিতে শিশুদের না আনা, পড়ে থাকা আইফোন না ধরা এবং মেট্রো এড়িয়ে চলার পরামর্শও ছিল। চিঠির শেষে ছিল খালিস্তানপন্থি স্লোগান।
বেঙ্গালুরু পুলিশ উত্তর সিইএন অপরাধ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে। তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। প্রেরকের আইপি ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে; হুমকি আসল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
ভেন্যু ও মাদাভারা মেট্রো স্টেশনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় বিশেষ যান চলাচল নির্দেশনাও জারি হয়েছে। অনুষ্ঠান বাতিল বা সময় পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি।
এ সফরে এটাই প্রথম হুমকি নয়। গত ২৩ অক্টোবর মুম্বাইয়ের সাবেক মেয়রের দপ্তরেও আত্মঘাতী হামলার হুমকি দিয়ে ইমেইল আসে বলে জানা গেছে। আহমেদাবাদে তাঁর কনসার্টে প্রায় দুই হাজার পুলিশ ও দেড় হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।



















