জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় অভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী রাজনৈতিক দল-জোটগুলো। প্রশাসনের কঠোর তৎপরতার পাশাপাশি রাজপথে নিজেদের সক্রিয় উপস্থিতি বজায় রাখতে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও মতবিনিময় চালিয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার অভ্যুত্থানের অন্যতম শরিক এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু করেছেন তিনি। শিগগিরই তিনি জামায়াতে ইসলামীসহ দলটির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বৈঠকে বসবেন। রাজনৈতিক দল-জোটের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের অংশীদার অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
দেশজুড়ে চলমান নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।
কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নাশকতা ও চক্রান্তের সঙ্গে জড়িত, তাঁদের গ্রেপ্তারে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যে বিদেশি কূটনীতিকদেরও আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সরকার।
সরকার ও প্রশাসনের তৎপরতার পাশাপাশি রাজপথে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি প্রদর্শনের লক্ষ্যে ডিসেম্বরব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ও গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে দলটির মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার দলের শীর্ষ নেতাদের নিয়ে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, আলোচনাসভা, মিছিল-শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ের মাসের নিয়মিত কর্মসূচির পাশাপাশি ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করবে দলটি। এ ছাড়া গত বছরের ২৫ ডিসেম্বর তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার দিনটিকে ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে উদযাপন করবে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করা হবে। এর বাইরে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে ১৬ থেকে ১৯ ডিসেম্বর ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে গত ১৯ নভেম্বর ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। গত ২১ নভেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে দলটির কর্মসূচি শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনাসভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে জামায়াত।
অন্যদিকে, ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভার কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে গত ২৪ নভেম্বর রাজধানীর সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা এবং গত শুক্রবার গাজীপুরে প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে কর্মসূচি পালন ও সংলাপ শেষে আগামী বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সরব থাকবে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপের ইউপি নির্বাচনের প্রথম পর্বের ভোট হবে আগামী ২১ জানুয়ারি এবং পঞ্চম ধাপের ভোট শেষ হবে ২৭ মে। নির্বাচন সামনে রেখে আজ রোববার থেকেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে ইসি। এর মাঝে ফেব্রুয়ারির প্রথমার্ধে পবিত্র রমজান মাস শুরু হলে রাজনৈতিক কর্মসূচির ধরন পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করবে দলগুলো।


















