পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আগামী ছয় মাসের (জানুয়ারি থেকে জুন) চাহিদা মেটাতে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন পায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি ব্যয়ে কেনা হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি)। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এই তেল আমদানিতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
এ ছাড়া একই কোম্পানির কাছ থেকে দুটি আলাদা প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) কেনা হবে। এর প্রথম প্যাকেজে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪১ লাখ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
অন্যদিকে, ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সব মিলিয়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে।
তবে বৈঠকে ডিজেল ও জেট এ-১ (বিমানের জ্বালানি) আমদানির আরও দুটি প্যাকেজের প্রস্তাব উপস্থাপন করা হলেও সেগুলো অনুমোদন পায়নি। প্রস্তাব দুটি অধিকতর পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে খাদ্য ও কৃষি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা, যেখানে প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে।
সার আমদানির ক্ষেত্রে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) কাছ থেকে জিটুজি চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে টিসিবির মাধ্যমে বিক্রির লক্ষ্যে স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের দুটি প্রস্তাবে কয়লাভিত্তিক দুটি বড় বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) অনুযায়ী শুল্ক কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট (বাংলাদেশি মুদ্রায় ৬ টাকা ৭৮ পয়সা)। এর মধ্যে ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০৭৮ সেন্ট এবং জ্বালানি খরচ ৪ দশমিক ৮৭৮০ সেন্ট।
অন্যদিকে, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির রামপাল ১ হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফও অনুমোদন পেয়েছে। এ কেন্দ্রের ক্ষেত্রে আইওডি থেকে সিওডি পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২৮২৮ সেন্ট (৯ টাকা ১১ পয়সা) এবং সিওডির পর এ হার হবে ৮ দশমিক ১৬৪৮ সেন্ট (৮ টাকা ৯৮ পয়সা)।
এদিন চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের দুটি প্যাকেজে মোট ৪ হাজার ৬২৯ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম থেকে গুমদণ্ডী পর্যন্ত রেলপথ রূপান্তর এবং পাহাড়তলী-ঝাউতলা ডুয়েলগেজ লাইন নির্মাণের কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (চুক্তিমূল্য ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকা)। আর গুমদণ্ডী থেকে দোহাজারী অংশের কাজ পেয়েছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড বা সিআরইসি (চুক্তিমূল্য ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ টাকা)।


















