গাজায় হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিহত নেতা খালেদ আবু নাদা হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে জানানো হয়, গাজায় হামাসের এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘কোনো সন্ত্রাসীই নিরাপদ নয় এবং হামাসের নেতৃত্বের কোনো সদস্য পালিয়ে বাঁচতে পারবেন না।’
ইসরায়েলি দাবি অনুযায়ী, গত এক মাসে গাজায় প্রায় ৮০ হামাস সদস্য নিহত হয়েছেন। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফরিন দাবি করেছেন, নিহত ব্যক্তি ছিলেন হামাসের সক্রিয় সদস্য এবং গাজার জন্য হুমকি।
ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো বলছে, এ হামলা ইসরায়েলের লক্ষ্যবস্তু হত্যার নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের বাইরে রাজনৈতিক ও প্রশাসনিক নেতাদেরও লক্ষ্য করা হচ্ছে। হামাস এখনো গাজার প্রায় ৩০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য, স্যানিটেশন, জ্বালানি, শিক্ষা ও অর্থনীতি পরিচালনা করছে।

এর আগে বুধবার গাজার উত্তরাঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ মাজেদ আবু আল-আউফ গাজা সিটিতে নিজ বাড়িতে স্ত্রী ও সন্তানসহ নিহত হন। তার আগের দিন সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নাইম আবু নাহেল নিহত হন। আর এক সপ্তাহ আগে রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ হাসান আবু ইউনিস রাফাহে বিমান হামলায় নিহত হন।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আবু নাদা ছিলেন হামাস সরকারের উপ-শিক্ষামন্ত্রী। দেইর আল-বালাহে তাঁর অ্যাপার্টমেন্টে হামলায় তাঁর স্ত্রীও নিহত হয়েছেন।


















