ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসে বসবাসরত ভোটাররা। এ লক্ষ্যে নিবন্ধন ও সম্মতি জানানোর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ আসনের যেসব প্রবাসী ভোটার এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাঁদের ভোটদানের সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়ার পর তাঁদের প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

আর যেসব প্রবাসী ভোটার গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তাঁরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাঁরা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুনভাবে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়ন বাছাই হবে ৭ ডিসেম্বর, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন