ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শনিবার থেকে পুরোদমে উৎপাদনে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের আগামী শনিবার থেকে পুরোদমে উৎপাদনে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মজুরি বোর্ড বুধবার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করে। এতে চতুর্থ গ্রেডের (প্রবেশ পর্যায়) নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের ১২ হাজার ৫০০ টাকার চেয়ে ৩৬ শতাংশ বেশি। গ্রেড-১-এ মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। সব মিলিয়ে মজুরি বেড়েছে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের আলোচনার মধ্য দিয়ে মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ হয়েছে; এতে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা সংলাপের মাধ্যমে মেটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই এ শিল্পকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন বলেন, সাধারণত পাঁচ বছরের চক্রে মজুরি নির্ধারণ হলেও এবার তিন বছরের মধ্যে নতুন কাঠামো চূড়ান্ত হয়েছে। চার গ্রেডের তিনটিতে ঐকমত্য হয়েছে, চতুর্থ গ্রেডের বিষয়টি গণতান্ত্রিক ভোটে নিষ্পত্তি হয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অন্যান্য শিল্পের মজুরি, কারখানার সক্ষমতা এবং প্রতিযোগী রপ্তানিকারক দেশগুলোর মজুরির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার বলেন, কোনো গ্রেডেই কোনো শ্রমিকের বেতন ২ হাজার টাকার কম বাড়বে না। আর মালিকপক্ষের প্রতিনিধি শামসুদ্দিন বলেন, ছোট কারখানাগুলো ব্যাপক চাপের মধ্যে রয়েছে—৫ মিলিয়ন ডলারের নিচের ৮২৬টি কারখানা মোট ইউনিটের ৪৩ শতাংশ, যার অনেকেরই বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

উল্লেখ্য, মজুরি নিয়ে সপ্তাহজুড়ে অস্থিরতার পর সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে বহু কারখানা বন্ধ ছিল। বুধবার নতুন মজুরি ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে সাভারের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। তবে গাজীপুরে আজ সকালে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন