ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

নিহত ব্যক্তির নাম মো. সেলিম (৩৫)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সজিব নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে আলমগীর (৩৬) নামের একজন নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা ও স্থানীয় বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। এর জেরে গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্কে বন্ধ রয়েছে দোকানপাট। এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন