ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

নগদ ডলার বিক্রির দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দামে নগদ ডলার বিক্রি করতে পারবে না।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার ব্যবহার করা হয়। আর বিক্রির ক্ষেত্রে প্রচলিত রয়েছে বিসি বিনিময় হার। এ অবস্থায় নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ সীমা হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করা হয়েছে। নগদ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদিত ডিলার শাখাগুলোতে নতুন নির্দেশনা যথাযথভাবে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিনিময় হার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে ডলার সোয়াপ আবার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। দুই বছর বিরতির পর বুধবার থেকে এ ব্যবস্থা চালু হয়। প্রথম দিনেই ছয়টি ব্যাংক প্রায় ২০ কোটি ডলার নিয়েছে। এ ব্যবস্থায় ব্যাংকগুলো জরুরি বৈদেশিক অর্থ পরিশোধের প্রয়োজনে স্পট রেটে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার নিয়ে নির্ধারিত সময় পর ফেরত দেবে। বর্তমানে স্পট রেট প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা। গত ২৪ নভেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন