ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

৫৩ বলে ২০৪ রান, রেকর্ড সূর্যবংশীর

পনেরো বছর বয়সী বৈভব সূর্যবংশী ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন। মাত্র ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলে লিস্ট এ ক্রিকেটের একাধিক বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ভারতের এই তরুণ ব্যাটার।

মঙ্গলবার দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমে সূর্যবংশী ২৮টি ছক্কা ও সাতটি চার মারেন। ৩৮৪ দশমিক ৯০ স্ট্রাইক রেটে খেলা তাঁর ইনিংসে বাউন্ডারি থেকেই আসে ১৯৬ রান।

মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এতে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলের রেকর্ড ভেঙে যায়। এরপর ৪০ বলে দেড়শ ও ৫২ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান সূর্যবংশী। আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের—১০৩ বলে ডাবল সেঞ্চুরি।

তাঁর ২৮ ছক্কা লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের, ২৩ ছক্কা। পেশাদার ক্রিকেটেও এক ইনিংসে এত ছক্কা আর কেউ মারেননি।

আমিরাত প্রথমে ব্যাট করে ২৪৯ রান তোলে আট উইকেটে। জবাবে ভারত এ দল মাত্র ১৪ দশমিক ২ ওভারে তিন উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে সাত উইকেটে জেতে। দলের মোট রানের ৮০ শতাংশের বেশি একাই করেন সূর্যবংশী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন