ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ দরকষাকষির পর সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টায় শুরু হওয়া বোর্ডের চতুর্থ দিনের সভা শেষ হয় আজ ভোর ৪টার পর। প্রায় ১২ ঘণ্টার আলোচনার পর রাত ১টার পর ভোট হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। এরপর ভোরে সাংবাদিকদের কাছে সিদ্ধান্ত তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।

নতুন মজুরি বর্তমান ১২ হাজার ৫০০ টাকার চেয়ে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। গ্রেডভেদে মজুরি নির্ধারণ করা হয়েছে—সর্বনিম্ন গ্রেড অর্থাৎ চতুর্থ গ্রেডে ১৭ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বাড়িয়ে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা থেকে চার দফায় কমিয়ে শেষ পর্যন্ত ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন।

নির্ধারিত মজুরিতে সন্তুষ্ট না হলেও তা মেনে নেওয়ার কথা জানিয়েছে শ্রমিকপক্ষ। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, যে মজুরি ঘোষণা হয়েছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন। তবে ঘোষণা হয়ে যাওয়ায় ইচ্ছা না থাকলেও তা মেনে নিতে হবে। নতুন মজুরি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।

গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়। মাত্র তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্তে পৌঁছানোয় এবারই সবচেয়ে কম সময়ে মজুরি নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন