ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এরপর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ৩০ ঘণ্টা সরবরাহ অব্যাহত থাকে। বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন পরিচালন তথ্য, টারবাইন-জেনারেটর ব্যবস্থা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা এখন বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবার জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। সেদিন সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়।

এদিকে মঙ্গলবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউরেনিয়ামের অষ্টম চালানও প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুরের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন