ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে এবারের আসরে তাঁর যাত্রা শেষ হলো।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় প্রতিযোগিতার ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নেন। শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৩০ সেমিফাইনালিস্টের নাম। সেই তালিকায় ছিল না মাহির নাম।

দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ ছিল। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ মুহূর্তে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাকি সেমিফাইনালিস্টদের বাছাই করা হয়। সেরা ৩০-এ জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিনিধিরা।

সেরা ৩০ প্রতিযোগী এবার সুইমস্যুট পর্বে অংশ নেবেন। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।

গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন সামিরা খান মাহি। গত ২২ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক পর্বে অসুস্থতা সত্ত্বেও সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই মঞ্চে ওঠেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন