ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ভর্তি পরীক্ষা নিয়ে শুনানি আজ

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে আজ সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

গত বুধবার হাইকোর্ট এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বৃহস্পতিবার চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান এবং শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। তবে সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁদের সম্পূরক পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশে ভর্তি আবেদনের অনলাইন পোর্টাল খোলা রাখতে বলা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন