মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা কোনো চুক্তিতে না পৌঁছালে নতুন বছরের পর ইরানে আবার সামরিক হামলার নির্দেশ দিতে পারেন তিনি।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে, তবে অর্থবহ কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানের আলোচকদের তিনি পেশাদার টালবাহানাকারী বলে অভিযোগ করেন — তাঁর ভাষায়, তেহরান শুধু আলোচনাই করে যাচ্ছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট অঙ্গীকার করছে না।
হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করলেন ট্রাম্প। সেখানে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের মধ্যে বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলা অব্যাহত রয়েছে। ইরান অবরোধ ভাঙার চেষ্টা করতে পারে বলে খবর প্রকাশের পর ট্রাম্প সতর্ক করে বলেন, অবরোধ ভাঙতে আসা যেকোনো ইরানি জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে এবং সেগুলো ডুবিয়ে দেওয়া হবে।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতিও সমর্থন জানিয়েছেন ট্রাম্প। দেশজুড়ে নতুন করে বিক্ষোভের ফুটেজ দেখার পর তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।



















