ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যান।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এএসআই আব্দুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার ও সাত্তার সাদা পোশাকে হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে যান। সেখানে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। এ সময় দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান সাত্তার। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

কনস্টেবল আনোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এই হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন