দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীতে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই সরবরাহ শুরু হয়। এবারের পরীক্ষায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হয়। সেদিন ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং প্রায় সাড়ে আট ঘণ্টা পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়।
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার অর্থ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাওয়ার আগে আরও কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই করতে হবে। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে; দুটি ইউনিট চালু হলে মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।



















