ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

দেশের ব্যাংক খাতে মোট ঋণের ৩৩.৮০ শতাংশই খেলাপি

নানা ধরনের সুবিধা ও ছাড় দেওয়ার পরও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি থামছে না। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে গত সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর আগে গত জুন শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। ওই সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই এখন খেলাপি। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। এ খাতের বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ। আর বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা। এসব ব্যাংকের মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশই খেলাপি।

ব্যাংকারদের মতে, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে। এর পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায় করতে না পারায় খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন