ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে উপজেলার সারইল এলাকায় এ অভিযান চালানো হয়। শনিবার রাজশাহী জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শাহীন আলী ও মোছা. পিংকি খাতুন (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে অপেক্ষায় ছিল ডিবির একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি করা হয়। তখন শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, জব্দ অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে খুলনায় কার কাছে চালানটি হস্তান্তর করা হবে, তা তাঁরা জানতেন না বলে দাবি করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ‘কাট-আউট’ পদ্ধতি অনুসরণ করছিল—এতে নেটওয়ার্কের এক স্তরের সদস্য অন্য স্তরের পরিচয় জানেন না। খুলনায় পৌঁছানোর পর ফোনে নতুন নির্দেশনা দিয়ে প্রাপক ঠিক করার পরিকল্পনা ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ চালানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার আরেক শাহীন আলী (৫৬) জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তিনি সীমান্ত এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন বলে ধারণা করছে পুলিশ; তিনি বর্তমানে পলাতক রয়েছেন। গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মূল সরবরাহকারী, খুলনার সম্ভাব্য প্রাপক ও চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন