ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় আটক ১২

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে ঢোকার চেষ্টার সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। আটক সবাই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মিশনমোড় এলাকায় টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), গোদাগাড়ীর শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩) ও রসুলপুর গ্রামের আব্দুর করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দিয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), গোদাগাড়ীর দিয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন; দুপুরে তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন