কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (সিবিএসআইএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভুয়া তথ্য দিয়ে নিয়োগ লাভ এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ ড. কে এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
গত ১৩ অক্টোবর এক লিখিত আবেদনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে এ অভিযোগ করা হয়। আবেদনে সিবিএসআইএলের বর্তমান সিইও আরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভুয়া তথ্য ব্যবহারের মাধ্যমে নিয়োগ নেওয়া এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে সংযুক্ত আবেদনপত্রের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।
চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবের কাছেও পাঠানো হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

এর আগেও সিইও আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে সিইও আরিফুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এসব তথ্য পুরোপুরি মিথ্যা।
















