সংকটে থাকা পদ্মা ব্যাংককে ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় আনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে রেজল্যুশনের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্যাংকটিকে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা, পুনর্গঠন করা কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সামনে।
তবে কীভাবে রেজল্যুশন কার্যকর করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আরিফ হোসেন খান বলেন, রেজল্যুশনে অনেক পদ্ধতির কথা বলা আছে। সংশ্লিষ্ট বিভাগ প্রস্তাব দিলে তা আবার পর্ষদে উঠবে। রেজল্যুশনের অধীনে নেওয়ার পর ব্যাংকটিতে প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। এর আগে ব্যাংকটির বিভিন্ন আর্থিক সূচক পর্যালোচনার পাশাপাশি নিরীক্ষা করা হবে।
বর্তমানে ব্যাংকটির মূলধন ঋণাত্মক, মোট ঋণের ৯২ শতাংশ খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি সংকটাপন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৮ কোটি টাকা, আর মোট সম্পদ প্রায় ৭ হাজার কোটি টাকা।
২০১৩ সালে দ্য ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির নাম ২০১৯ সালের ২৯ জানুয়ারি পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে ব্যাংকটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। সংকট কাটাতে ব্যাংকটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ৫ হাজার কোটি টাকা সহায়তা চাওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংক সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

এর আগে রেজল্যুশনের আওতায় পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। শরিয়াহভিত্তিক ওই পাঁচ ব্যাংকের পর প্রচলিত ধারার ব্যাংক হিসেবে পদ্মা ব্যাংকই প্রথম রেজল্যুশনের আওতায় এলো।
















