ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে গভীর নিম্নচাপ

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আগামীকাল সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে এবং ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়া ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয় ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন