অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের যুবারা। ওমানের আল-আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩১ ওভার ৪ বল খেলে সব উইকেট হারায় তারা। ফাইনালে উঠতে পাকিস্তানের সামনে লক্ষ্য ১৩৯ রান।
পাকিস্তানের রিজওয়ানউল্লাহ একাই ধসিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৮ ওভারে ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। তার শিকার হন অধিনায়ক মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল (১৭) সহ পাঁচ ব্যাটার। মোহাম্মদ সাইয়াম নেন ২ উইকেট।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আবদুল্লাহ আল মুহি। ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংস। এ ছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি ২০ রান করেন। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি; দুই ব্যাটার শূন্য রানে ফেরেন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ফরিদ হাসান। তবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ—দ্বিতীয় বলেই ফেরেন জারিফ সিয়াম (১)। মুহি ও ফরিদের ৪৩ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও ৬৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি যুবারা। ৯৮ রানে মুহি ফিরতেই ধস নামে।
গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে ১১৩ রানে হেরে শুরু করলেও শ্রীলঙ্কাকে ৪৫ রানে ও মালয়েশিয়াকে রেকর্ড ২০৫ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলে যুব ওয়ানডে ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন আহসান আল মুমিন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে, ভারতকে ৩ উইকেটে ও নেপালকে ১০১ রানে হারিয়ে সেমিতে উঠেছে পাকিস্তান।



















