ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষের আগেই দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন বুধবারই চীনে ফিরে গেছেন। বাকি ছয়জনের আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাঁদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পার্কিং করা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাটি কাছ থেকে দেখেন দুই চীনা শিক্ষার্থী। এরপরই তাঁরা নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি ছয়জনও বিমানের টিকিট নিশ্চিত করেছেন। দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই তাঁরা এই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন।
বুধবার সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন হল প্রাধ্যক্ষ। এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাত্র-শিক্ষক কেন্দ্র, ব্যবসায় শিক্ষা অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে।



















