আবুধাবিতে দুই দিনের আলোচনা শেষে বড় আকারে বন্দিবিনিময়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার আলোচনা শেষে এ সমঝোতার কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গল ও বুধবার আবুধাবিতে এ আলোচনা হয়। নয় মাস পর এটাই ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা। আলোচনায় যুদ্ধবন্দি বিনিময় ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চয়তা ছিল আলোচনার কেন্দ্রে।
মার্কিন দূত জ্যারেড কুশনার বলেন, যুদ্ধ শুরুর পর এটাই হবে বন্দিদের সবচেয়ে বড় মানবিক মুক্তি। কতজন বন্দি বিনিময় হবে, সেই সংখ্যা বৃহস্পতিবার চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। ইউক্রেনের পক্ষ থেকেও বন্দিবিনিময়কে আলোচনার প্রধান ফল হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বড় আকারের বন্দিবিনিময়ের সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিনিময়ের বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, গত বছরের মে মাসের এক হাজার করে বন্দি বিনিময়ের চেয়ে এবারের বিনিময় বড় হবে।
তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ভূখণ্ড নিয়ে মতপার্থক্য এখনো রয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন দূতরা। কুশনার বলেন, এত বড় সংঘাতের পর দুই পক্ষের মধ্যে এখন কোনো আস্থা নেই, এটাই স্বাভাবিক।

আলোচনা শেষে কুশনার ও অপর মার্কিন দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কো যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে। সেখান থেকে তাঁরা ডাবলিনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। পরের দফার আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করার বিষয়টিও মস্কো বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন কুশনার।


















