২০২৭ সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেওয়া যাত্রীদের সৌদি আরবের খরচের অর্থ পাঠানোর পদ্ধতি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ অর্থ অনুমোদিত ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বরে পাঠাতে হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজযাত্রীদের আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সৌদি সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির খরচ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে।
অন্যদিকে, বেসরকারি হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের ব্যবস্থাপনা এবং পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে পাঠাবে। এসব লেনদেনে ব্যবহার করতে হবে সেবাদানকারী প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর। আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর হলো আন্তর্জাতিকভাবে ব্যাংক হিসাব শনাক্ত করার একটি স্বীকৃত পদ্ধতি।
আগামী বছরের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। পরে কোটা পাঁচ হাজার বাড়ানোয় আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি পর্বের খরচ জনপ্রতি সর্বোচ্চ চার লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন তিন লাখ ৬২ হাজার ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে।


















