মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত নিয়মে সামনের নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকরা।
এর আগে এ কাজ শেষ করার শেষ সময় ছিল ১৫ নভেম্বর। বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে প্লেট লাগানো কঠিন হওয়ায় সময়সীমা বাড়ানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। সামনে নম্বরপ্লেট থাকলে সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বর শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল শনাক্ত করা সহজ হবে।
নম্বরপ্লেটের মাপও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পর যেসব মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট থাকবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


















