ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ন

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠকটি বসে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বৈঠক শুরুর আগে পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব করেছে তারা।

শ্রমিকপক্ষের প্রতিনিধি ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার জানিয়েছেন, আজকের বৈঠকে শ্রমিকপক্ষ প্রাথমিক প্রস্তাব জমা দেবে। তাঁর ভাষ্য, প্রস্তাবিত মজুরি ৩০ হাজার টাকার বেশি হবে।

এদিকে মজুরি বোর্ডের সামনের সড়কে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সদস্যরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করতে হবে।

অন্যদিকে মালিকপক্ষ আজকের বৈঠকে মজুরির প্রস্তাব জমা দেবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান।

শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে গত মাসে বিক্ষোভ শুরু হওয়ার পর সরকার ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠকে নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এবং ডিসেম্বরের বর্ধিত বেতন জানুয়ারিতে পরিশোধের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়।

মজুরি নিয়ে টানাপোড়েনের মধ্যে রোববারও সাভার-আশুলিয়া ও গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে অস্থিরতা ছিল। সেদিন ৩৮টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।

বৈঠক শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দিয়েছেন। প্রস্তাবে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, মালিকপক্ষকে লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন